দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘কাসেমাবাদ-হরিসেনাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় আধাঘণ্টাব্যাপী চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসীর অভিযোগ, গত জানুয়ারিতে সংঘটিত হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভ্যানচালক মঞ্জু বেপারী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, ইয়াসিন খানের বাড়ির পাশের একটি নির্জন সড়কে তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জে আই